বাংলাদেশের সঙ্গে ম্যাচের টিকিট বিক্রির অর্থ পাবে ফিলিস্তিনের যুদ্ধ শিশুরা

২৬ মার্চ বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ ও ফিলিস্তিন ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে দুই বেসরকারী ব্যাংকের চার শাখায়।

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৫:০৫ পিএম

মহান স্বাধীনতা দিবসে বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের টিকিট বুধবার থেকে চারটি ব্যাংকে বিক্রি শুরু হয়েছে। বেলা সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচের তিন ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের বসুন্ধরা, উত্তরা ও পান্থপথ শাখায়। এছাড়া সাউথইস্ট ব্যাংকের বসুন্ধরা শাখায় মিলছে টিকিট।

২০০, ৩০০ ও ৫০০ টাকা মূল্যের টিকিট পাওয়া যাচ্ছে এই চারটি শাখায়। বসুন্ধরা কিংস অ্যারেনায় সাম্প্রতিক সময়ে হওয়া জাতীয় দলের ম্যাচের টিকিট বিক্রি করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সৌজন্য টিকিট দিয়ে দেখা গেছে সেই ম্যাচগুলো। তবে এবার টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, ‘আগের ম্যাচগুলো আমরা সৌজন্য টিকিটের মাধ্যমে দেখার সুযোগ দিয়েছিলাম। তবে এবার বিশেষ কারণে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। কারণ টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্থ শিশুদের দান করা হবে। কেবল তাই নয়, ভবিষ্যতে বিনামূল্যে খেলা দেখার সংস্কৃতি থেকেও আমরা বের হয়ে আসতে চাইছি।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত