হকিতে মেরিনার্সের কষ্টার্জিত জয়

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১০:০৩ পিএম

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে চমৎকার লড়াই করেও মেরিনার্সের বিপক্ষে হারতে হলো অ্যাজাক্সকে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-৩ গোলে জিতেছে মেরিনার্স। চলতি লিগে ঊষার কাছে হার দিয়ে শুরু করা মেরিনার্স এ নিয়ে টানা চতুর্থ জয় পেল। অন্য ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব ৫-২ গোলে হারিয়েছে দিলকুশাকে। 

ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল অ্যাজাক্স এসসি। ম্যাচ জুড়ে তারা মেরিনার ইয়াংসের সঙ্গে তীব্র লড়াই অব্যাহত রাখে ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপাধারীদের সঙ্গে পেরে ওঠেনি অ্যাজাক্স। 

ষষ্ঠ মিনিটে ভারতের খেলোয়াড় দীপকের ফিল্ড গোলে এগিয়ে যায় অ্যাজাক্স। পিছিয়ে পড়া মেরিনার্স আক্রমণাত্মক হকি খেলে ঘুরে দাঁড়িয়ে ১২ মিনিটের মধ্যে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মুঠোয়। 

একাদশ মিনিটে মঈনুল ইসলাম কৌশিকের ফিল্ড গোলে সমতায় ফেরার পর অজয় ইয়াদভের লক্ষ্যভেদে এগিয়ে যায় মেরিনার্স। এরপর দীপক ও সোহানুর রহমান সবুজের গোলে স্কোরলাইন ৪-১ করে তারা। 

দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে লিশাম সিলহেইবার হিট ঠিকানা খুঁজে পেলে ম্যাচে ফেরার উপলক্ষ পায় অ্যাজাক্স। ৫৯তম মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে ব্যবধান আরও কমিয়ে লড়াই জমিয়ে তোলে তারা। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। বাকি এক মিনিট পার করে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্স।

অন্য ম্যাচে আজাদের বিপক্ষে শুরুতেই দুই গোলের লিড নিয়েছিল দিলকুশা। ০-২ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাড়িয়ে একে একে পাঁচবার দিলকুশার জালে বল পাঠায় আজাদ। তাতে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আজাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত