কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাব্বির মিয়া (২০), তার ভাই সাদির মিয়াসহ (২৪) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৫ লাখ টাকার মধ্যে ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ভৈরব থানার ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গত রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেলে করে ব্যাগে পাঁচ লাখ টাকা নিয়ে ভৈরব বাজার থেকে নিজ বাড়ি তুলাকান্দি যাচ্ছিলেন। পথে চন্ডিবের সেতুর কাছে ছিনতাইকারী সোহাগ মিয়ার নেতৃত্বে চারজন দুটি মোটরসাইকেলে করে এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে এবং তাকে পিটিয়ে পাঁচ লাখ টাকাসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ওই ব্যবসায়ী গত মঙ্গলবার থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে চন্ডিবের পুরাতন ফেরিঘাটের মির্জা চত্বর এলাকা থেকে প্রথমে সোহাগকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সাব্বির ও সাদিরকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। এ ব্যাপারে ভৈরব পৌর ছাত্রলীগ সভাপতি ছালেম রহমান মিকদাত জানান, তার সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সাব্বিরের ছিনতাই ঘটনায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে তিনি জেনেছেন। দলীয় ফোরামে আলোচনা করে সাব্বিরের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
