ফটু মিয়ার মুদি দোকানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম

বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় মুদি দোকানে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ২ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। এসময় সরকারি চাল বিক্রি করায় মুদি দোকানিসহ চারজনের নামে সদর থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানা গেছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

এর আগে, বুধবার রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম। অভিযান চলাকালে মুদি দোকানি বাঘোপাড়া দক্ষিণ পাড়া এলাকার ফটু মিয়াকে (৪৫) আটক করা হয়। এঘটনায় সম্পৃক্ত অন্য তিনজন হলেন একই এলাকার সুলতানপাড়ার ইমরান (৩২), দক্ষিণপাড়ার সিরাজুল ইসলাম (৩৫) ও নূর আলম মিলন (৪৮)।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার বুধবার রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে ফটু মিয়ার মুদি দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ফাঁকা ৭৩টি বস্তা উদ্ধার করা হয়। এসময় ওই চালগুলো বাজারজাতকরণের জন্য আলাদা ৩৯টি ৫০ কেজি ওজনের বস্তায় ভরা অবস্থায় উদ্ধার করা হয়। সরকারের এসব খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

তিনি আরও জানান, অভিযানে মুদি দোকানি ফটু মিয়াকে আটক করা হয়। এঘটনায় স্থানীয় আরও তিন যুবক ইমরান, সিরাজুল ও নূর আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে।

বগুড়া সদর উপজেলা খাদ্য পরিদর্শক মনিরুল হক জানান, রাতে অভিযান শেষে চালগুলো এখন সদর উপজেলা খাদ্যগুদামে রাখা হয়েছে। এঘটনা খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী সদর থানায় মামলা দায়ের করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত