প্রেমে ব্যর্থ হয়ে কলেজছাত্রীকে অপহরণ, একদিন পর গ্রেপ্তার

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে অপহরণের একদিন পর এক কলেজছাত্রীকে (১৭) উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণকারী সদস্যের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে অপহরণের ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা মামলা করলে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাতপাড় এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক বাবুল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, কলেজে আসা-যাওয়ার পথে বাইখির-বনচাকী গ্রামের দিবস সরকার (২২) প্রতিনিয়ত ওই ছাত্রীকে প্রেম ও কুপ্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত মঙ্গলবার (১৯ মার্চ) কলেজে যাওয়ার পথে মেয়েটিকে একা পেয়ে মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায় দিবসসহ তার সঙ্গীরা। বুধবার রাতে অপহরণের পরই ছাত্রীর বাবা বাদী হয়ে দিবস সরকার, পিজুস বিশ্বাস, অসিম বিশ্বাস ও গুনবহা গ্রামের রমেশ পালকে আসামি করে থানায় মামলা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অপহরণের পর ওই কলেজছাত্রীকে বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এ সময় মামলার ১ নম্বর আসামি দিবস সরকারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার কলেজছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত