ভুল শুধরে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য কাবরেরার

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:১২ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় ছিল বাংলাদেশের। এই ম্যাচের জন্য সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন করে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। সুদানের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচও খেলে। ফিলিস্তিনের শক্তিশালী আক্রমণভাগ সামাল দিতে রক্ষণের শক্তি বাড়ানোর কথা এবং চেষ্টা দুটোরই দেখা মিলেছিল। অথচ ফল হয়নি মনমতো। উল্টো ফিলিস্তিনের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারের তেতো স্বাদ সঙ্গী হয় বাংলাদেশের।

তবে কুয়েতে হওয়া এই ম্যাচের প্রথম ৪২ মিনিট ঠিকই নিজেদের পক্ষে রেখেছিলেন বাংলাদেশের ফুটবলাররা। ধসটা নামে এর পরেই। দুর্বলতা দেখা যায় রক্ষণভাগে। রক্ষণের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব এবং ছোটখাটো ভুল ছিল বেশ। গোলরক্ষক মিতুল মারমা দুর্দান্ত কয়েকটি সেভ না করলে ফলাফলের ব্যবধান হতো আরও বেশি। প্রথমার্ধে দুই গোল হজমের পর শেষ পর্যন্ত হার মানতে হয় ৫-০ ব্যবধানে।

হাভিয়ের কাবরেরা মনে করেন প্রথমার্ধের শেষে ওই দুই গোলেই হয়েছে সর্বনাশের শুরু। ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন, ‘প্রথম ৪০ মিনিট আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই খেলেছি। ফিলিস্তিনের মতো একটা দলের সঙ্গে যা ছিল বেশ ভালো। কিন্তু প্রথমার্ধের শেষটা যেভাবে করেছি, তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট।’

ফিলিস্তিন ম্যাচের একসময়ে এসে ঝড় তুলবে, আক্রমণ শানাবে, সেটা জানতেন কাবরেরা। তবে ব্যবধান এতো বড় হবে আশা করেননি তিনি। বাংলাদেশের স্প্যানিশ কোচের দৃষ্টিতে, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো কাবু হতে হয়েছে আমাদের।’

২৬ মার্চ কিংস অ্যারেনায় একই প্রতিপক্ষের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। এখন কুয়েতের মাঠের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান বাংলাদেশ কোচ, ‘কোথায় ভুল হয়েছে সেটা এখন বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবে মেনে যাওয়া যায় না। এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’

ফিলিস্তিনের বড় জয়ের নায়ক হ্যাটট্রিক ম্যান দাবাগ। তিনি প্রতিক্রিয়ায় জানান, ‘আমাদের দল খুব ভালো খেলেছে। ম্যাচ আমরা জিতলেও কঠিন খেলা ছিল। বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে হারিয়ে আমরা আরও তিন পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যেতে চাই।’

ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই এখন কাবরেরা ও তার শিষ্যদের মূল চ্যালেঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত