চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ জন নিহতের ঘটনায় ঘাতক চালক আজিজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ৫টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আজিজার দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার মৃত ফজির উদ্দিনের ছেলে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর কোতোয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে দিনাজপুর শহরের বেশ কিছু স্থানে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এই অপরাধ প্রতিরোধে কোতোয়ালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে শহরের নয়নপুর এলাকা থেকে আজিজারকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ৬ ফেব্রুয়ারি রানীরবন্দরে বেপরোয়া বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে একজন মারা যায়। বাসটির চালক ছিলেন আজিজার। দুর্ঘটনার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
