ইন্দোনেশিয়ায় সমুদ্র উপকূলে ৭০ জনেরও বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে নিহত হলো তারা। দেশটির আচেহ প্রদেশের উপকূলে একটি নৌকা ডুবে মিয়ানমারের এসব জনগোষ্ঠী মৃত্যুমুখে পতিত হলো। ৭০ জনের বেশি রোহিঙ্গা ‘নিহত অথবা নিখোঁজ’ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে উদ্ধার করা হয়েছে আরও ৭৫ জনকে। মিয়ানমারের রাখাইন রাজ্যের এসব মানুষ সেখাকার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মানুষ ও সামরিক জান্তা নির্যাতনের শিকার হয়ে দেশছাড়া। কয়েক লাখ মানুষ এখন বাংলাদেশে আশ্রয় নিয়ে রয়েছে। অনেকে ব্যাপক ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয়ের জন্য যায়।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল শুক্রবার রোহিঙ্গাদের নিহত ও নিখোঁজের খবর দেয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) সঙ্গে এক যৌথ বিবৃতিতে তারা জানায়, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এ বছর এটিই হবে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। গত বুধবার জেলেরা ছয়জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করার সময় সতর্কবার্তা দেওয়া হয়েছিল। আচেহর এক জেলে সম্প্রদায় বলেছিল, তীব্র স্রোতে নৌকা উল্টে যাওয়ার পর তারা রোহিঙ্গারা নৌযানের তলদেশের ওপর দাঁড়িয়ে ছিল।
