এল সালভাদরকে হেসেখেলেই হারাল মেসিহীন আর্জেন্টিনা

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:০৭ পিএম

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থেকে চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। তাতে ভক্তদের মনে কিছুটা শঙ্কা ছিল। তবে মেসিহীন আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারেনি এল সালভাদর। হেসেখেলেই তাদের হারিয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে শক্তি সামর্থ্যে বেশ পিছিয়ে থাকা এল সালভাদর হেরেছে ৩-০ গোলে। আর্জেন্টিনার হয়ে গোল ৩টি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসো। 

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে যেতে শুরু করে আর্জেন্টিনা। মাঝমাঠের দখল নিয়েই আক্রমণগুলো তৈরি করে তারা। আর্জেন্টিনা আক্রমণাত্মক খেলার ফল পেয়েছে ম্যাচের ১৬ মিনিটে। কর্নার থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে লিড এনে দেন রোমেরো।

৪২ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান ২-০ করেন এনজো ফার্নান্দেজ। দলীয় আক্রমণ থেকে পাওয়া সুযোগ হাতছাড়া করেননি এ চেলসি তারকা। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পরও দেখা মিলেছে একই চিত্রের।৫২ মিনিটে ম্যাচে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন লো সেলসো। মাঝমাঠে ছোট ছোট পাসে আক্রমণটি তৈরি করে আর্জেন্টিনা। এরপর লাওতারো মার্তিনেজের দারুণ এক অ্যাসিস্টে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন লো সেলসো।

তিন গোল করেও আক্রমণ থামায়নি আর্জেন্টিনা। একের পর এক সুযোগ তৈরি করতেই থাকে। যদিও সফল হয়নি তারা। ম্যাচে একচেটিয়া দাপট দেখিয়ে আর্জেন্টিনা ৮০ শতাংশ সময় নিজেদের দখলে রেখেছিল বল। বিপরীতে এল সালভাদরের দখলে বল ছিল মাত্র ২০ শতাংশ সময়। আর আর্জেন্টিনা যেখানে ২৪টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রেখেছে, এল সালভাদর সেখানে শটই নিতে পেরেছে মাত্র ২টি। 

দুই দলের পরিসংখ্যানে বিশাল পার্থক্যেই মূলত ফুটে উঠছে ম্যাচের প্রকৃত চিত্র। আর্জেন্টিনা কিছু সহজ সুযোগ মিস না করলে এবং এল সালভাদরের রক্ষণ ও গোলরক্ষক দারুণভাবে কিছু আক্রমণ ঠেকিয়ে না দিলে ব্যবধানটা আরও বড় হতে পারত। 

২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে। 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত