জাকাত আদায়ের ক্ষেত্রে সম্পদের হিসাব নির্ণয়

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:৩১ এএম

জাকাত ইসলামের ফরজ বিধান। কেউ যদি জাকাত ফরজ হওয়ার বিষয়টি অস্বীকার করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। আর ফরজ স্বীকার করে তা আদায় না করলে কবিরা গুনাহ হবে। তাই সবার উচিত জাকাতের নিসাব ও সম্পদের হিসাব যথাযথভাবে নির্ণয় করে যথা খাতে তা প্রদান করা।

স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নিসাব হলো ২০ মিসকাল। আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি। রুপার ক্ষেত্রে ২০০ দিরহাম। আধুনিক হিসাবে সাড়ে বায়ান্ন ভরি। এই পরিমাণ সোনা-রুপা থাকলে জাকাত দিতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টাকা বা বাণিজ্যদ্রব্যের মূল্য যদি সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ হয়, তাহলে জাকাতের নিসাব পূর্ণ হয়েছে বলে ধরা হবে এবং এর জাকাত দিতে হবে। -(মুসান্নাফে ইবনে আবি শায়বা ৯৯৩৭)

উল্লেখ্য, বছরের শুরু ও শেষে নিসাব পূর্ণ থাকলে জাকাত আদায় করতে হবে। মাঝে নিসাব কমে যাওয়া ধর্তব্য নয়। অবশ্য বছরের মাঝে সম্পূর্ণ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে ঐ সময় থেকে নতুন করে বছরের হিসাব আরম্ভ হবে এবং এক বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করতে হবে। -(আদ্দুররুল মুখতার ২/৩০২)

এবার আমরা দেখব কী কী জিনিসের ওপর জাকাত ফরজ হয়। এক. সব ধরনের সম্পদের ওপর জাকাত ফরজ হয় না। শুধু সোনা-রুপা, টাকা-পয়সা, পালিত পশু (নির্ধারিত নিয়ম অনুযায়ী) এবং ব্যবসার পণ্যে জাকাত ফরজ হয়। দুই. হিরা, মণি-মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর ব্যবসাপণ্য না হলে সেগুলোতে জাকাত ফরজ হয় না। -(মুসান্নাফে আবদুর রাজ্জাক ৭০৬১-৭০৬৪) তিন. মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত টাকা-পয়সা নিসাব পরিমাণ হলে এবং এক বছর স্থায়ী হলে বছর শেষে তার জাকাত আদায় করা ফরজ হয়। -(মুসান্নাফে আবদুর রাজ্জাক ৭০৯১) তদ্রুপ ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড ইত্যাদি নগদ টাকা-পয়সার মতোই। এসবের ওপরও জাকাত ফরজ হয়। চার. টাকা-পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ হয়। -(আদ্দুররুল মুখতার ২/২৬৭) পাঁচ. হজের উদ্দেশে কিংবা ঘরবাড়ি নির্মাণ, ছেলে-মেয়ের বিয়ে-শাদি ইত্যাদি প্রয়োজনের জন্য যে অর্থ সঞ্চয় করা হচ্ছে, তাও এর ব্যতিক্রম নয়। সঞ্চিত অর্থ পৃথকভাবে কিংবা অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে যুক্ত হয়ে নিসাব পরিমাণ হলে এবং নিসাবের ওপর এক বছর অতিবাহিত হলে জাকাত ফরজ হবে। বছর পূর্ণ হওয়ার আগেই তা যদি খরচ হয়ে যায়, তাহলে জাকাত ফরজ হবে না। -(মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৭০৩২) ছয়. দোকানপাটে যা কিছু বিক্রির উদ্দেশে রাখা থাকে, তা বাণিজ্যদ্রব্য। এর মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত আদায় করা ফরজ।(সুনানে আবু দাউদ ১/২১৮) সাত. ব্যবসার নিয়তে কোনো কিছু ক্রয় করলে তা স্থাবর সম্পত্তি হোক যেমন : জমি-জমা, ফ্ল্যাট কিংবা অস্থাবর যেমন : মুদিসামগ্রী, কাপড়, অলংকার, নির্মাণসামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বই-পুস্তক ইত্যাদি বাণিজ্যদ্রব্য বলে গণ্য হবে এবং মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত দেওয়া ফরজ হবে। -(মুসান্নাফে আবদুর রাজ্জাক ৭১০৩ )

কারো ঋণ যদি এত হয়, যা বাদ দিলে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে না, তাহলে তার ওপর জাকাত ফরজ নয়। -(মুয়াত্তা মালেক ১০৭) কিন্তু এখানে মনে রাখতে হবে, এই প্রসিদ্ধ মাসআলাটি সব ঋণের ক্ষেত্রে নয়। ঋণ দুই ধরনের হয়ে থাকে। এক. প্রয়োজনাদি পূরণের জন্য বাধ্য হয়ে যে ঋণ নেওয়া হয়। দুই. ব্যবসা-বাণিজ্যের উদ্দেশে যে ঋণ নেওয়া হয়। প্রথম প্রকারের ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে জাকাতের নিসাব বাকি থাকে কি না, তার হিসাব করতে হবে। নিসাব থাকলে জাকাত ফরজ হবে, অন্যথায় নয়। কিন্তু যেসব ঋণ উন্নয়নের জন্য নেওয়া হয় যেমন : কারখানা বানানো, কিংবা ভাড়া দেওয়া বা বিক্রি করার উদ্দেশে বিল্ডিং বানানো অথবা ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিলে জাকাতের হিসাবের সময় সেই ঋণ ধর্তব্য হবে না। অর্থাৎ এ ধরনের ঋণের কারণে জাকাত কম দেওয়া যাবে না। (মুসান্নাফে আবদুর রাজ্জাক ৭০৮৭)।

স্বামী যদি স্ত্রীর অনাদায়কৃত মোহর চলতি বছরই আদায়ের ইচ্ছা করে, তাহলে কেবল সেক্ষেত্রে তা ঋণ ধর্তব্য করে জাকাতযোগ্য সম্পদের সমষ্টি থেকে বিয়োগ দেওয়া যাবে। -(ফাতওয়া হিন্দিয়া ১/১৭৩) উল্লেখ্য, বিনা ওজরে মোহরানা আদায়ে বিলম্ব করা অত্যন্ত নিন্দনীয়। এছাড়া অন্যকে যে টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছে বা ব্যবসায়ী কোনো পণ্য বাকিতে বিক্রয় করেছে, এই পাওনা টাকা পৃথকভাবে বা অন্য জাকাতযোগ্য সম্পদের সঙ্গে মিলিতভাবে নিসাব পূর্ণ করলে তারও জাকাত দিতে হবে। -(মুসান্নাফে আবদুর রাজ্জাক ৭১১১) পাওনা উসুল হওয়ার পর ঐ টাকার জাকাত আদায় করা ফরজ হয়। তার আগে আদায় করা জরুরি নয়, তবে আদায় করলে জাকাত আদায় হয়ে যাবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা ১০৩৪৭)

স্বামীর কাছে পাওনা মোহরানা নিসাব পরিমাণ হলেও তা স্ত্রীর হস্তগত হওয়ার আগ পর্যন্ত তাতে জাকাত ফরজ হয় না। হস্তগত হওয়ার পর যদি আগে থেকেই ঐ নারীর কাছে জাকাতযোগ্য সম্পদ নিসাব পরিমাণ না থাকে, তাহলে এখন থেকে বছর গণনা শুরু হবে এবং বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করতে হবে।

কারও যদি নিসাব পরিমাণ সম্পদের সর্বপ্রথম মালিক হওয়ার তারিখ নিশ্চিতভাবে জানা থাকে, তার জন্য সুনির্দিষ্ট তারিখেই জাকাত আদায় করা বাঞ্ছনীয়। কেননা, জাকাত বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করা ফরজ হয়ে যায়। তবে রমজানের ফজিলত অর্জন করতে চাইলে বছর পূর্তির সময় জাকাতের অর্থ আলাদা করে রাখবে এবং কিছু কিছু আদায় করতে থাকবে। রমজান মাসে হিসাব-নিকাশ করে জাকাতের অবশিষ্ট সব অর্থ আদায় করে দেবে। যেহেতু বছর পূর্ণ হওয়ার আগে নিসাবের মালিক থাকাবস্থায় অগ্রিমও জাকাত দেওয়া শরিয়ত সমর্থিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত