বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আজ একটি রাষ্ট্রের প্রতি নতজানু আমাদের পররাষ্ট্রনীতি। দেশের প্রতিটি বিষয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা এটা বর্তমান শাসক দলের অভ্যাস। তাদের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) যখন বিপদে পড়েন তখন বলেন, দিল্লি আছে আমরা আছি। এই ধরনের কথা বলতে লজ্জাবোধও তাদের হয় না। কতখানি নির্লজ্জ প্রতিবেশী দেশের আশ্রয়ে আনুগত্য স্বীকার করে যাচ্ছে। আমরা কি এজন্য যুদ্ধ করেছি? রাওয়ালপিন্ডি থেকে সরে এসে আমরা কি দিল্লির অধীনস্ত হওয়ার জন্যই যুদ্ধ করেছি? কখনই না। বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনোই এই ধরনের গোলামি মেনে নেবে না।’
গতকাল শনিবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘অরক্ষিত স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রবিহীন বিপন্ন বাংলাদেশ : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মেজর হাফিজ এসব কথা বলেন।
লড়াই ছড়া কোনো বিকল্প নেই : এদিকে শনিবার রাজধানীর আসাদ গেটে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন হলে এক ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের চারদিকে শুধু সমুদ্র, প্রতিবন্ধকতার পাহারা। সেখান থেকেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ লড়াই ছাড়া বিকল্প নেই।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক প্রমুখ।
