দেশের আরও একটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। গাজীপুরের পুবাইলে অবস্থিত এপিএস নিট কম্পোজিট লিমিটেড গোল্ড স্ট্যান্ডার্ড কারখানার স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন লিড সনদ দিয়েছে প্রতিষ্ঠানটিকে। এ নিয়ে দেশের ২১৪টি কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে ৮০টি প্লাটিনাম ও ১২০টি গোল্ড স্ট্যান্ডার্ডের কারখানা।
সাতটি মানদন্ডে লিড এই সনদ দিয়ে থাকে। এপিএস নিট কম্পোজিট লিমিটেড ৭টি মানদন্ডে ১০০ নম্বরের মধ্যে পেয়েছে ৭১। অবস্থান ও যাতায়াতে তারা পেয়েছে ১৪-তে ১৪; টেকসই অবস্থানে পেয়েছে ৪-এ শূন্য; পানির দক্ষ ব্যবহারে পেয়েছে ১৫-তে ৬; জ্বালানি ও পরিবেশ মানদন্ডে ৩৫-এ পেয়েছে ২৭; উপকরণ ও সম্পদে ৯-এ ৮; অভ্যন্তরীণ পরিবেশগত মানে পেয়েছে ২৪-এ ১৬ আর উদ্ভাবনে পেয়েছে ১-এ শূন্য।
জানা যায়, ২০১১ সালে প্রথম বাংলাদেশি কোম্পানি পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পায়। সেবার দুটি কারখানা এই স্বীকৃতি পায়। এরপর প্রতিবছর একাধিক কারখানা এই স্বীকৃতি পেয়ে আসছে। সবচেয়ে বেশি পেয়েছে ২০২২ সালে, সেবার ৩০টি কোম্পানি পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। চলতি বছর এখন পর্যন্ত আটটি কারখানা এই
স্বীকৃতি পেয়েছে। এখন পর্যন্ত দেশের প্লাটিনাম বা সর্বোচ্চ মানের পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে ৮০টি কারখানা; গোল্ড মানের স্বীকৃতি পেয়েছে ১২০টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড স্বীকৃতি পেয়েছে ৪টি কারখানা।
