ভেজাল সেমাই তৈরির অভিযোগে কারখানার মালিকসহ গ্রেপ্তার ৫

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

ভেজাল সেমাই তৈরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কামরাঙ্গীরচর থানার একটি দল। গতকাল রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এর আগে গত শনিবার রাতে কামরাঙ্গীরচরের বিভিন্ন সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন কদমফুল সেমাই কারখানার মালিক সোনা মিয়া ও ম্যানেজার লোকমান, মিতালী সেমাই কারখানার মালিক মোহাম্মদ আলী ও ম্যানেজার আদর আলী এবং নাসির ফুড কারখানার ম্যানেজার আব্দুর রহমান আকাশ।

ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ভেজাল ও নিম্নমানের সেমাই উৎপাদন করে বাজারজাত করার চেষ্টা করছে। এ ছাড়াও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অগ্নিঝুঁকিপূর্ণ এসব কারখানায় উৎপাদিত হতো নিম্নমানের এসব পণ্য।’

পুলিশ জানিয়েছে, অভিযানে কামরাঙ্গীরচরের সাফওয়ান হাসপাতাল গলির কদমফুল সেমাই কারখানা থেকে ১৫০ কেজি ভেজাল সেমাই, খালপাড় রোডের কবুতরহাটসংলগ্ন মিতালী সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই ও মাদ্রাসাপাড়াসংলগ্ন তিতাস সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত