টংগিবাড়ীতে এলাকার অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছেন শাহাদাৎ হোসেন শিপু। কোনও আয়োজন নেই, ব্যানার নেই, অতিথি সমাগম নেই, ছবি তোলার হিড়িক নেই। তিনি নিজে খোঁজ নিয়ে বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবার যারা এই রমজানে সংকটে রয়েছেন তাদের বাড়ি গিয়ে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রীর প্যাকেট। প্যাকেটে থাকছে চাল, ডাল, তেল, পেয়াজ আর মুড়ি।
শাহাদাৎ হোসেন শিপু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গেও যুক্ত। রাজনৈতিক নেতা হলেও শাহাদাৎ হোসেন শিপু দেশের বিভিন্ন অঞ্চলের অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। তার এই কর্মকাণ্ডে এলাকার লোকজন সাধুবাদ জানাচ্ছেন।
বালিগাঁও এর ফয়সাল শিলালু বলেন, শিপু ভাই সবসময়ই মানবিক কাজকর্ম করেন। তিনি চেষ্টা করেন গরিব দু:খী মানুষদের পাশে দাঁড়াতে।
খাদ্য সামগ্রীর প্যাকেট পাওয়া সেলিনা বেগম বলেন, আমার স্বামী নাই। ভাইয়ের বাড়ির এক পাশে সরকারের দেয়া একটা ঘরে সন্তান নিয়ে থাকি। এই রোজায় খুব খারাপ অবস্থায় আছি। শিপু ভাইয়ের এই উপহার পাইয়া আমার খুব উপকার হইল।
এই প্রতিবেদককে প্রায় একই অনুভূতি জানান বিপ্লব শেখ, নয়ন বেপারী সহ অন্যরা। এ ব্যাপারে শাহাদাৎ হোসেন শিপু বলেন, মানুষের কল্যাণে কাজ করবো এই চিন্তা থেকেই রাজনীতি করি। আর এলাকার অসহায় দরিদ্র মানুষরাও তাই চেয়ে থাকে আমাদের দিকে। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমার এই উদ্যোগ। আমার কিছু বন্ধুও আমার এই উদ্যোগের পাশে আছে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশ ছিল এই রমজানে যারা খাদ্য সংকটে ভুগছে তাদের পাশে দাড়ানোর। আমি চাই আমার এলাকায় কেউ যেন অন্তত খাবারের কষ্টে না থাকে।
এই রমজান জুড়েই তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
