ভুল চিকিৎসায় শিশু মৃত্যু: হাসপাতালের এমডিসহ ৪ জনের বিরূদ্ধে চার্জশিট

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১০:৪৫ পিএম

দীর্ঘ ছয় বছর পর ভুল চিকিৎসায় সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর ঘটনায় চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২৫ মার্চ) আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের ইন্সপেক্টর আবু জাফর মো. ওমর ফারুক। 

চার্জশিটে ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশিষ সেন, ডা. শুভ্র দেব এবং ম্যাক্স হাসাপাতালের সাবেক  ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলীকে আসামী করা হয়েছে। শিশু রাইফার মৃত্যুর জন্য আসামীদের বিরূদ্ধে দায়িত্বে অবহেলা ও ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটির কথা চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, শিশু কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর পেছনে দায়িত্বে অবহেলা ও ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটির বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চারজনের বিরূদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক মোহাম্মদ রুবেল খানের আড়াই বছরের শিশু
কন্যা রাফিদা খান রাইফা। রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাইফার বাবা মোহাম্মদ রুবেল খান ডাক্তারদের ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ২০১৮ সালের ২০ জুলাই ৪ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। 

এদিকে রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের তৎকালীন সিভিল সার্জনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার তৎকালীন পরিচালক অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি টিম ম্যাক্স হাসপাতালের চিকিৎসা কার্যক্রম তদন্ত করেন। চট্টগ্রাম সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি রাইফার মৃত্যুর জন্য চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা, অদক্ষতাকে দায়ী করে তিন চিকিৎসককে অভিযুক্ত করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপরিশ করেন। 

এছাড়া হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা তুলে ধরেন। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি হাসপাতালটির ১১টি ত্রুটি চিহ্নিত করেন। রাইফার অকাল মৃত্যুর পর ম্যাক্স হাসপাতালে র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে নানা অনিয়মের দায়ে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

সাংবাদিক রুবেল খানের শিশু কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আসামীদের বিরূদ্ধে চার্জশিট দাখিল করায় তদন্তকারী সংস্থা পিবিআইকে ধন্যবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। এক বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় যাতে শিশু রাইফার মত আর কারও্র সন্তানকে হারাতে না হয়, তার জন্য এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত