কোস্টারিকার বিপক্ষে ৫-৬ টি পরিবর্তন আনবেন স্কালোনি

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম

লিওনেল মেসিকে ছাড়াই বছরের প্রথম প্রীতি ম্যাচে এল সালভাদরকে সহজেই (৩-০) হারিয়েছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা বাংলাদেশ সময় বুধবার সকালে খেলবে কোস্টারিকার বিপক্ষে। জুনে কোপা আমেরিকার আগে এরপর আর একটা ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। তাই প্রস্তুতির অংশ হিসেবে কোস্টারিকার বিপক্ষে একাদশে ৫-৬ টি পরিবর্তন আনবেন স্কালোনি।

স্কালোনি বলেন, 'পরিবর্তন আনার কথা চিন্তা করছি। পাঁচ বা ছয়টি পরিবর্তন আসতে পারে। এখনও সিদ্ধান্ত নেইনি গোল পোস্টের নিচে শুরু থেকে ওয়ালটার বেনিতেজ থাকবে কিনা। পরেও নামাতে পারি। আমি তাকে সুযোগ দিয়ে দেখতে চাই।'

৩১ বছর বয়সী বেনিতেজ ২০২২ সাল থেকে খেলছেন ডাচ ক্লাব পিএসভি আইন্দভানে। এর আগে পাঁচ বছর তিনি কাটান ফরাসি ক্লাব নিসে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

লিওনেল মেসি না থাকায় কোস্টারিকার বিপক্ষেও অধিনায়কত্ব করবেন ডি মারিয়া। ডি মারিয়া ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। স্কালোনি জানান, 'হুমকির প্রভাব পরেনি আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। স্কালোনি বলেন, 'আমি ডি মারিয়ার সঙ্গে কথা বলেছি। শুরুর একাদশেই থাকবেন। আমি তাকে ভালোই দেখেছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি খেলবেন, আরামও করবেন।'

ইন্তার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের জায়গায় এই ম্যাচে একাদশে থাকতে পারেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আলভারেজ। আর্জেন্টিনার জার্সিতে ১৬ ম্যাচ ধরে গোলহীন লাউতারো। আলভারেজও অবশ্য গোল পাননি ১০ ম্যাচে।

প্রীতি ম্যাচে স্কালোনি কোন বিষয়টি গুরুত্ব দেবেন। খেলোয়াড়দের পারফরম্যান্স নাকি দলগত পারফরম্যান্স। এমন প্রশ্নের উত্তরে বলেন, 'আমরা সব সময়ই দলগত সাফল্য চাই। আমরা চাই ফিট একটি দল। তরুণ হোক বা যে বয়সেরই হোক আমাদের দেখতে হবে দলের সঙ্গে সে মানিয়ে নিতে পারে কিনা। আর সেটা দেখার সুযোগ তখনই হবে যখন মাঠে খেলবে। প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ তাদের (খেলোয়াড়দের) পরোখ করার জন্য।'

২০২১ এ কোপা আমেরিকা জয়ের পরের বছর বিশ্বকাপও জিতেছে আর্জেন্টিনা। এই জুনে কোপা আমেরিকা এরপর ২০২৬ এ বিশ্বকাপ। আবারও কোপা ও বিশ্বকাপে সাফল্য আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন, 'আপনি বেশি দূরের চিন্তা করছেন। আমাদের ম্যাচ নিয়ে ভাবতে হবে। যা ঘটছে তা উপভোগ করুন। আমার মনে হয় আমরা ভালোই করছি।'

প্রতিপক্ষ কোস্টারিকাকে সমীহই করলেন স্কালোনি। তার মতে কোস্টারিকা ভালো দল, যাদের বিশ্বকাপ খেলার ধারাবাহিকতা আছে। 'কোস্টারিকা ভালো দল। বিশ্বকাপ খেলে, দারুণ কিছু খেলোয়াড়ও আছে। ফলাফল নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলাটা খেলতে হবে। যেহেতু দলে পরিবর্তন আসবে, যারা সুযোগ পাবে পারফরম্যান্স করার চেষ্টা করবে।'

কোপা আমেরিকার স্কোয়াড কেমন হবে সেই প্রসঙ্গও আসে সংবাদ সম্মেলনে। স্কালোনির মতে কোপার স্কোয়াড এখনও উন্মুক্ত। আর্জেন্টাইন কোচ বলেন, 'যদি নতুন খেলোয়াড় আসে এবং তাদের স্কোয়াডে রাখতে হয় আমরা তা করবো। ইনজুরির কারণে এখন ২৫ জন খেলোয়াড় ডাকা হয়েছে, তাই কোটা শেষ কিন্তু যার মৌসুম ভালো যাচ্ছে সেও থাকতে পারে। আমাদের কোনো সমস্যা নেই।'

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ এ শুরু হবে আর্জেন্টিনা-কোস্টারিকা প্রীতি ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত