বেলুচিস্তানের নৌঘাঁটিতে হামলা, পাঁচ সন্ত্রাসীসহ নিহত ৬

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৫:৫৬ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবত নৌঘাঁটিতে সন্ত্রাসী হামলায় একজন আধাসামরিক সৈন্যর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে আরও পাঁচজন হামলাকারী।

মঙ্গলবার (২৬ মার্চ) পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গতকাল সোমবার এই হামলার ঘটনা ঘটে। নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, ঘাঁটিতে প্রবেশের সময় পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে।

বেলুচিস্তানে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিএলএ।

গত সপ্তাহে একটি সামরিক স্থাপনায় হামলার পর এটি বেলুচ সন্ত্রাসীদের দ্বিতীয় হামলা। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে গোয়াদরের বাইরে একটি কমপ্লেক্সে বিএলএ সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে তারা। এ ঘটনায় তাদের দুই সেনা এবং আটজন সন্ত্রাসী নিহত হয়।

গত এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ সত্ত্বেও খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে চীন। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এই প্রদেশে গোয়াদর বন্দরের উন্নয়নসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করছে বেইজিং।

সোমবার যে ঘাঁটিতে হামলা হয়েছে, সেটি চীন ও পাকিস্তান অর্থনৈতিক করিডোরের জন্য তাৎপর্যপূর্ণ যা সড়ক ও জ্বালানি প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করে এবং এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত