নারী এশিয়া কাপে আবার বাংলাদেশ-শ্রীলঙ্কা

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:৫৪ পিএম

নারীদের এশিয়া কাপের সূচী প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। শ্রীলঙ্কার ডাম্বুলায় হতে হতে যাওয়া এবারের আসরে স্বাগতিকদের গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে। আগামী ১৯ থেকে ২৮ জুলাই মাঠে গড়াবে এবারের আসর।

এক বিবৃতিতে এই সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। দলের সংখ্যা বেড়ে সাত থেকে দাঁড়িয়েছে আটে। তাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও আরব আমিরাত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে ২০২৪ এশিয়া কাপ আসরে সকল রেফারি ও আম্পায়ারই থাকছেন নারী। এশিয়া মহাদেশে মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ ও জনপ্রিয়তা বাড়াতে এবার দল বাড়ানো হয়েছে। আসরের উদ্বোধনী দিন ১৯ জুলাই ভারত-আরব আমিরাত ও পাকিস্তান-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পরদিন (২০ জুলাই) বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মোকাবিলা করবে শ্রীলঙ্কান মেয়েদের।

এক বিবৃতিতে এসিসির সভাপতি জয় শাহ বলেছেন, ‘এশিয়ান অঞ্চলে নারী ক্রিকেট ছড়িয়ে দিতে আমরা এশিয়া কাপ ২০২৪ আয়োজন করতে যাচ্ছি, যেখানে দলের সংখ্যাও বেড়েছে। এর মানে এখানে নারী ক্রিকেটের জনপ্রিয়তা এবং গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত এশিয়া কাপ খেলত ছয় দল, যা এখন বেড়ে আটে দাঁড়িয়েছে। আমরা আশা করছি এই টুর্নামেন্ট নারী ক্রিকেটার ও ভক্তদেরও তাদের অংশগ্রহণ আরও বাড়াতে অনুপ্রাণিত করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত