বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন নগর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা। গত মঙ্গলবার (২৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) বোস্টনের নগর ভবনের সামনে পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেছিল।
মঙ্গলবার বোস্টন বাংলা এইডের উদ্যোগে এবং বোস্টন সিটি কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে পতাকা উত্তোলন কর্মসূচির শুরুতেই এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বোস্টন সিটি কাউন্সিলর, স্থানীয় ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
বক্তারা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বছর পর এবার দ্বিতীয়বারের মতো আমরা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহর ভবনের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছি। এ কাজে সহায়তার জন্য বোস্টন সিটি মেয়র ও কাউন্সিলরদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান হয়। তাদের এ অবদানের কথা ম্যাসাচুসেটসের প্রবাসী বাংলাদেশিরা চিরদিন স্মরণ করবে বলে উল্লেখ করেন বক্তারা।
বোস্টন সিটি কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ কমিউনিটির অকৃত্রিম বন্ধু কাউন্সিলউমেন তানিয়া এন্ডারসন এ ধরনের একটি আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের সকল ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোস্টন বাংলা এইডের প্রতিষ্ঠাতা হুমায়ুন মোর্শেদ, ব্যবসায়ী ও সমাজসেবী সৈয়দ নুরুজ্জামান, বেইনের সাবেক সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স, নোমান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুক সামি, সাবেক ক্রিড়া সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক শিক্ষা সম্পাদক সবুজ বড়ুয়া, সংবাদকর্মী তাপস বড়ুয়া, নিউ ইংল্যান্ড আওয়ামীলীগে সাধারন সম্পাদক টিপু চৌধুরী, সালাউদ্দীন ইমন ও মুমিম খান প্রমুখ।
