পেমেন্টের আশ্বাসে 'বিদ্রোহ' হলো সাঙ্গ

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৮:৩৬ পিএম

প্রাপ্য পারিশ্রমিক না মেলায় ক্ষোভে দুঃখে বুধবার রাতে ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন মোহামেডান হকি দলের সদস্যরা। কেবল মুখের কথায় কতদিন আর ভুলে থাকা যায়। দলবদলের পর যে একটি ফুটো কড়িও পাননি তারা। তারপরও মুখ বুজে ক্লাব কাপ প্রতিযোগিতা ও লিগের বড় একটা অংশ খেলেছেন সাদা-কালোর সৈনিকরা। দলকে শিরোপা রেসেও ভালোভাবে রেখেছেন। তবে আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। তাই একযোগে ক্যাম্প ছেড়ে যান তারা। সেই ক্ষোভ কিছুটা প্রসমিত হয়েছে মোহামেডানের সভাপতি জেনারেল মুবিনের আশ্বাসে। 

আবাহনীর বিপক্ষে শনিবারের ম্যাচের আগেই পারিশ্রমিকের বিষয়টি সুরাহ করার আশ্বাস দিয়েছেন ক্লাব সভাপতি। শীর্ষ অভিভাবক আস্বস্ত করায় খেলোয়াড়রাও বৃহস্পতিবার ফিরেছেন ক্যাম্পে। বুধবার যোগ দেওয়া মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির অধীনে কাল অনুশীলনও করেছেন খেলোয়াড়রা।

খেলোয়াড়দের ক্ষোভ কমার বিষয়টি নিশ্চিত করে দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, 'সভাপতি দায়িত্ব নেওয়ায় আমরা ক্লাবে ফিরে এসেছি। আশা করছি এখন আর কোন সমস্যা থাকবে না। আবাহনীর বিপক্ষে আমরা উজ্জীবিত হয়েই মাঠে নামবো।' 
দলীয় ম্যানেজার আরিফুল হক প্রিন্সও জানালেন একই কথা, 'সঙ্কট দেখা দেওয়ার পর ক্লাব সভাপতি স্বয়ং উদ্যোগী হয়েছেন। তিনি আমাকে বলেছেন খেলোয়াড়দের ফেরাতে। তিনি আস্বস্ত করায় আমি সবাইকে ক্যাম্পে ফিরতে বলেছি। আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়রা একটা পেমেন্ট পাবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত