স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০১:৪০ এএম

সারা দেশে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো ও বকেয়া ভাতা পরিশোধসহ চারটি দাবিতে চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা বেশ কয়েক দিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে। আমি মনে করি তাদের দাবি যৌক্তিক। তাদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে আমিও একমত। কারণ যেভাবে দ্রব্যমূল্য বেড়েই চলেছে তাদের বেতন-ভাতা বাড়ানো দরকার। তাছাড়া এই চিকিৎসকরা অনেক পরিশ্রম করে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। সিনিয়র চিকিৎসকরা তো শুধু রাউন্ড দেন, এরা সব সময় রোগীর পাশে থাকেন। কাজেই তাদের এই চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি নিজেই কথা বলেছি। তাকে কাগজপত্র দেখিয়েছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন তাদের দাবি-দাওয়া দেখবেন। আশা করি এক মাসের মধ্যে বেতন-ভাতা তারা পাবেন। এটি পাওয়ার নিয়মকানুন তাদের জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আন্দোলনরত চিকিৎসকরা ও আন্দোলন প্রত্যাহার করে তারা কাজে ফিরে গেছেন।

আন্দোলন চালিয়ে আসা এক চিকিৎসক বলেন, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। তিনি আমাদের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত