বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লুর সাথে দেখা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ আহ্বান জানান।
একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠকের আহ্বানও জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দুদেশের সরকারপ্রধানদের মধ্যে বন্ধুত্বের মনোভাব পোষণে একান্ত বৈঠকের প্রয়োজন মনে করে উক্ত প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে কাজ চলছে বলে মন্তব্য করেন লু।
লু বলেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন। আমাদের হাতে যথেষ্ট সময় না-ও হতে পারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মঙ্গলবার ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে লু অতিথি হিসেবে এলে ‘সাইড টক’-এ সিদ্দিকুর রহমান এ বিষয় উত্থপান করেন।
সিদ্দিকুর রহমান জানান, বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরের বিষয়টিও তার কাছে উত্থাপন করা হয়েছে। এ ব্যাপারে জাস্টিস ডিপার্টমেন্টের নানা জটিলতার কথা উল্লেখ করেন লু।
তিনি আরও বলেন, ডোনাল্ড লুর সাথে আন্তরিকতার সাথে কথা হয়েছে। ইরেজিতে লেখা ‘শেখ মুজিবুর রহমান: দ্য আনফিনিসড মেমরস’ বইটি লুকে উপহার দেন আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এদিকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে ৪ মিনিটের বক্তব্যে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি। ৪ মিনিটের বক্তব্যের সাড়ে ৩ মিনিটই খান একাডেমির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ মনসুর খানের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। সারা বিশ্বের মিলিয়ন মিলিয়ন শিক্ষার্থী তার প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে। ফ্রি শিক্ষা দিচ্ছেন অনলাইনে। আইটি প্রশিক্ষণে সাড়া ফেলেছেন। এমআইটি থেকে ডিগ্রি নিয়ে ৪০টি ভাষায় বিশ্বব্যাপী মানুষের সেবা দিয়ে আসছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তাকে নিয়ে বাংলাদেশিদের গর্ববোধ করা উচিত। রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের আমন্ত্রণে ডোনাল্ড লু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানও এতে যোগ দেন।
