বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শিশুদের জীবন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
গণপূর্তমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি শিশুদের অত্যাধিক ভালোবাসতেন বলে তার জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে গ্রহণ করা হয়েছে। তার আদর্শ ধারণ করে প্রত্যেকটি শিশুকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে বড় হতে হবে। তার আদর্শে উজ্জীবিত হয়ে বড় হয়ে শিশুদের একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগের প্রশংসা করে গণপূর্তমন্ত্রী বলেন, এ ধরনের মহতী উদ্যোগের সঙ্গে আমরা সব সময় আছি। শেরে বাংলা এ কে ফজলুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। জাতির পিতার জন্মদিন সাড়ম্বরে উদযাপনের জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। সভা শেষে গণপূর্তমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার তুলে দেন।
অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার, শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, চিত্রনায়িকা মেহজাবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
