জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৫:০৩ এএম

এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে শতভাগ স্বচ্ছতা রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী। তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেবে সরকার। সেজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গতকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, ‘শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেউ যেন প্রতারিত না হয়, কিংবা কেউ যেন প্রতারণা না করতে পারে সেজন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করবে। আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে খুব ভালোভাবে পরীক্ষা হচ্ছে। তবে এ বছর নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কিছুটা কম।’

প্রতিমন্ত্রী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর খান, পুলিশ সুপার আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াসহ কলেজের শিক্ষক, জেলা প্রশাসন ও পুলিশের অন্য কর্মকর্তারা।

এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ এবং পুরুষ ১৭ হাজার ৪৩২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত