গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে জিৎ বাদ্যকর নামের এক নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ।
এর আগে দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (নামাপাড়া) গ্রামের করতোয়া নদীর তীরবর্তী ভুট্টা ক্ষেত থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিৎ ওই গ্রামের রঞ্জিত বাদ্যকরের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতের বাড়ি থেকে জিৎ তার বন্ধুদের সঙ্গে ঘুড়তে যায়। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকে। জিৎকে না পেয়ে রাতেই কয়েকজনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন তার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করে।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
ব্রাদার্সকে পেয়ে এবার আরও বড় জয় কিংসের