জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরকে পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নিয়েছেন মেয়র শেখ মো. নুরুন্নবী অপু। বিভিন্ন সড়কে লাগিয়েছেন বাহারী রঙয়ের ফুলের গাছ। মেয়রের ব্যতিক্রম এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী।
শনিবার (৩০ মার্চ) সকালে টিম দেওয়ানগঞ্জ-এর আয়োজনে পৌর শহরের দেওয়ানঞ্জ আলিয়া মাদরাসা রোড ও আলিয়া মাদরাসা প্রাঙ্গণ পরিষ্কার করা হয়।
দেওয়ানগঞ্জ পৌর এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু স্বেচ্ছাসেবী সংগঠন টিম দেওয়ানগঞ্জ গঠন করেন। তার নেতৃত্বে ওই সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা সপ্তাহের প্রতি শনিবার পরিচছন্ন অভিযান পরিচালনা করে। আজকের এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিকাশ কবির ইমরান, পৌর কাউন্সিলর মহসীন আলী বিপ্লবসহ স্বেচ্ছাসেবী সংগঠন টিম দেওয়ানগঞ্জের সদস্যরা।
দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মো.নুরুন্নবী অপু জানান, একটি পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন বসবাসের উপযোগী পৌর শহর বিনির্মাণে নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে আজ মাদরাসা রোডে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন শহর গড়ে তুলতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
