আরেকটি রোমাঞ্চকর জয়ে আবাহনীর কাছে মোহামেডান

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০১:৪৩ এএম

আগের ম্যাচে কামরুল ইসলাম রাব্বির সাহসী ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেষ বলে জিতেছিল মোহামেডান। সেই রাব্বী গতকাল শেখ জামালের বিপক্ষে বল হাতে দলকে জেতালেন। ফতুল্লায় শেষ ওভারে শেখ জামালের ১৪ রান দরকার ছিল ম্যাচ জিততে। রাব্বি দারুণ বোলিংয়ে মাত্র ৮ রান দিলে ৫ রানে ম্যাচ জেতে মোহামেডান। টানা দুই জয়ে ৭ খেলায় ১২ পয়েন্ট নিয়ে আবাহনীর ঠিক পেছনে দু নম্বরে উঠে এসেছে তারা।

ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে ৮ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নেওয়া দারুণ স্পেল করেন বাঁহাতি স্পিনার তাইবুর রহমান। ২টি করে উইকেট পান পেসার শফিকুল ইসলাম ও রিপন ম-ল। মোহামেডানের হয়ে ইনফর্ম মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ৭০ রানের ইনিংস। শেষ দিকে আবু হায়দার রনির ব্যাটে আসে ৩৬ বলে ৪৫ রান। মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৮ রান। তারপরও ২০০ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

২০১ রানের ছোট লক্ষ্য তাড়ায় শেখ জামালের হিমশিম খেতে নিয়মিত উইকেট পতনের কারণে। একপ্রান্ত আগলে রাখেন সাইফ হাসান। শেষ বল পর্যন্ত টিকে থেকেও দলকে জেতাতে পারেননি ১২০ বলে ৮৪ রান করে। মোহামেডানের আসিফ হাসান, নাসুম আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি ২টি করে উইকেট নেন।

বিকেএসপির ৪ নম্বর মাঠে লিজেন্ডসের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ৩৫ ওভারেই ৫ উইকেট হাতে রেখে তুলে ফেলেন তামিমরা। লিজেন্ডসের হয়ে ১০৬ বলে ৫৫ রান করেন আমিনুল ইসলাম বিপ্লব। নাজমুল অপু ৪৪ রানে ৫ উইকেট শিকার করেন। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৩৫ রান করেন তামিম ইকবাল।

বিকেএসপির আরেক মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দেওয়া ২০৫ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় আবাহনী। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ১৯তম সেঞ্চুরি তুলে নিয়ে ১০৭ রানে অপরাজিত থাকেন বিজয়। নাঈম শেখ ১৯ রানে ফিরলেও জাকের আলী অনিকের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২২ রানের জুটি গড়েন তিনি। ৭০ বলে ৫৮ রান করে জাকের আউট হন। তবে বিজয় এক প্রান্তে নিজের মতো খেলে তুলে নেন মৌসুমের প্রথম সেঞ্চুরি। ১১৮ বলে ৭ চার ও ৪ ছয়ে ১০৭ রান করে অপরাজিত থাকেন বিজয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত