সেমিনারে শিক্ষামন্ত্রী

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে শিক্ষকদের ভূমিকাই মুখ্য

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:২৫ এএম

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার জন্য শিক্ষকদের ভূমিকাই মুখ্য বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, ‘শিক্ষায় বিনিয়োগ অবশ্যই বাড়াতে হবে। কিন্তু কোন জায়গায় বাড়াতে হবে, তা আগে ঠিক করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর ১০ থেকে ১২তলা প্রশাসনিক ভবন করার প্রস্তাব আমরা পাই, কিন্তু অ্যাকাডেমিক পরিকল্পনার প্রস্তাব পাই না।’

গতকাল শনিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দৃষ্টিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা-শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও সমাধানের পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র সরকার। মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির সম্মানিত ফেলো অধ্যাপক ড. রতন সিদ্দিকী। আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন মোল্যা ও সহসভাপতি অধ্যাপক মো. মামুন উল হক।

শিক্ষামন্ত্রী সমিতির সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা সুযোগ-সুবিধা, বেতন-ভাতার কথা অবশ্যই বলবেন। কিন্তু এর আগে আমাদের দায়িত্বের ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে। আমাদের সনাতন চিন্তা-চেতনায় আটকে থাকলে চলবে না। শিক্ষাকে সার্বজনীনভাবে দেখতে হবে।’

মূল প্রবন্ধে সমিতির সভাপতি প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী মানসম্মত শিক্ষা নিশ্চিত ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে বেশকিছু প্রস্তাব তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত