খালেদার স্বাস্থ্যের অবনতি রাতে বাসায় চিকিৎসকরা

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০২:৪৩ এএম

শারীরিকভাবে অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি গতকাল শনিবার গভীর রাতে দেশ রূপান্তরকে এ কথা জানান।

এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গতকাল রাত পৌনে ১টার দিকে এক জরুরি বার্তায় জানান, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বিএনপি চেয়ারপারসনকে কিছুক্ষণের মধ্যে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য রাতেই ওই হাসপাতালের সিসিইউর একটি কেবিন বুক করা হয় বলেও একটি সূত্র জানায়। এ ছাড়া খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি দেখা গেছে বলে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে উপস্থিত একজন নিশ্চিত করেন।

এর আগে ২৭ মার্চ রাতেও খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। সেদিনও হাসপাতালে নেওয়ার কথা আলোচনা হলেও পরে নেওয়া হয়নি। পরদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন, বিপজ্জনক অবস্থান থেকে বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন চিকিৎসকেরা।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চ এভারকেয়ারে ভর্তি হন তিনি। শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ মার্চ গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তার অসুস্থতা বাড়া-কমার মধ্যে রয়েছে। করোনা মহামারীর সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

গত বছরের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য। তাদের চিকিৎসা শুরুর পরই খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। সে যাত্রায় হাসপাতালে ১৫৬ দিন থেকে গত ১১ জানুয়ারি সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে কিছু দিন বিরতি দিয়ে স্বাস্থ্যপরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে। সবশেষ গত ফেব্রুয়ারির শুরুতেও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত