বরিশালে ইসি আহসান

উপজেলা নির্বাচনে ছোট বিষয়েও ছাড় দেওয়া হবে না

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৩:১৭ এএম

নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনের নতুন বিধিতে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয়, কেউ ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে, তবে সঙ্গে সঙ্গে তার পানিশমেন্ট (শাস্তি) হবে। এই বিধি ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের বেলায়ও করা হয়েছে। ছোট বিষয়েও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

গতকাল শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. আহসান হাবিব খান বলেন, ‘নির্বাচনে কারও কোনো প্রভাব বিস্তারের সুযোগ নেই। এ ব্যাপারে সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাব। এ ছাড়া প্রশাসনকেও আমি বলেছি যেন তারা বিনয়ের ব্যবহার করেন এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। তবে অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে বলপ্রয়োগ ও আইনপ্রয়োগ শতভাগ করা হবে। তাতে ছোট ছোট বিষয়েও কোনো ছাড় নয়। তারাও (প্রশাসনও) আমাকে আশ্বস্তও করেছেন।’

গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ বিষয়গুলো মিডিয়ায় প্রচার করুন। চুরি করলে চোরকে চোর বলুন, যেই হোক। আমরা মিডিয়া দেখে অ্যাকশন নেব। সাংবাদিকদের সঙ্গে কমিশন, র‌্যাব-পুলিশ, আনসার-ভিডিপিসহ সব প্রশাসন থাকবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয় জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা সঠিক তথ্য উপস্থাপন করায়, সেই তথ্যকে প্রাধান্য দিয়ে অ্যাকশন নিয়েছি। আপনারা মাঠপর্যায়ে আমাদের চোখ এবং কান হিসেবে ভূমিকা রেখেছেন। প্রশাসনের সবাই আপনাদের সম্পর্কে প্রশংসাও করেছে। স্বচ্ছতা, সততা ও সঠিকতার কোনো বিকল্প নেই, যা আপনারা প্রমাণ করেছেন বস্তুনিষ্ঠ সঠিক তথ্য পরিবেশন করে। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের জন্য সবাই সতর্ক ছিলেন।’

তবে অতীতের চেয়েও একমাত্রায় বেশি সুন্দর নির্বাচন চাই। আর সবার সহযোগিতা ছাড়া একটি সুন্দর নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত