জাতীয় চলচ্চিত্র দিবসের সাথে মিল রেখে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের (ডিআইএমএফএফ) ১১তম সংস্করণের শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।
উৎসব উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিনের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে ভার্চুয়াল উদ্বোধন শুরু হয়। তিনি আসন্ন সিনেমাটিক জার্নির জন্য সবাইকে প্রস্তুত হবার আহ্বান জানান। এরপর উৎসবের পোস্টার উন্মোচন এবং একটি আকর্ষণীয় প্রচারমূলক ভিডিও প্রচারিত হয়।
সেই টিউটোরিয়াল ভিডিওতে অংশগ্রহণকারীরা কীভাবে ফিল্ম জমা দিবেন এবং রেটিং পদ্ধতি সম্পর্কে জানবেন– তা ব্যাখ্যা করা হয়।
ডিআইএমএফএফ-২৫ জন্য সিনেমা জমা দেওয়া শুরু হবে আগামী ৩ এপ্রিল এবং শেষ হবে ২৪ সেপ্টেম্বর। এবারের ফেস্টিভ্যালে থাকছে চারটি পুরস্কার ক্যাটাগরি।
প্রখ্যাত অভিনেতা, পরিচালক এবং লেখক গাজী রাকায়েত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অতীতে ডিআইএমএফএফ-এর সাথে তার সমৃদ্ধ অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেছেন, আমি চলচ্চিত্র দেখে সমৃদ্ধ হয়েছি। তিনি চলচ্চিত্রের ভবিষ্যত গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের তাৎপর্যের ওপর জোর দিয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
এরপর মিস্ট্রি বক্সের বিজয়ী রাকিবুল হোসেন সিয়ামের নাম ঘোষণা করা হয়। সাথে সাথে অনলাইনে অংশগ্রহণকারী সবার মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা দেয়! সবাই তাকে অভিবাদন জানায়।
সহ-উপদেষ্টা রুবাইয়াত আন্দালিব পান্থ এবং তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ভার্চুয়াল ইভেন্টটি শেষ হয়। তিনি বলেন, গাজী রাকায়েত স্যার, আমরা আপনাকে দেখেই বড় হয়েছি। আমাদের শৈশবের অংশ হওয়ার জন্য এবং আমাদের যাত্রায় আপনার সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ।
সব প্রাক্তন উৎসব পরিচালকদের এবং সেইসাথে হোসেইন হক– আমাদের বর্তমান ফেস্টিভ্যাল ডিরেক্টর ও স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে ধন্যবাদ। আপনারা বাকিদের কাজ সহজ করে দিয়েছেন। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।
উল্লেখ্য, দেশ রূপান্তর এই আয়োজনের অন্যতম গণমাধ্যম সহযোগী।
