কক্সবাজারের পেকুয়া উপজেলায় রাতের অন্ধকারে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট করার দায়ে চারটি ডাম্প ট্রাক জব্দ করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকা থেকে এসব গাড়ি জব্দ করা হয়। এ সময় আটক করা হয় চারজনকে।
আনসার সদস্যরা ডাম্প ট্রাক লক্ষ্য করে অস্ত্র তাক করলে চালক ছাড়া সবাই দৌড়ে পালিয়ে যায়। পরে একে একে জব্দ করা হয় মাটি ভর্তি চারটি ডাম্প ট্রাক এবং আটক করা হয় চারজনকে।
আটকরা হলেন আরশাদুল ইসলাম, আলী হোসেন, আহমদ হোছেন ও আবুল বাশার।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পেকুয়ায় যোগদানের পর থেকে মানুষের অসংখ্য অভিযোগ ছিল পাহাড় ও সংরক্ষিত বনাঞ্চলের গাছ নিধনের।
