বগুড়া সদরের এরুলিয়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসম্পাদক ফাইন মন্ডল, বাসের ম্যানেজার হান্নান মিয়া এবং চেইন মাস্টার আলমগীর হোসেন। এরা তিনজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বগুড়াগামী একটি বাসের সাথে নওগাঁগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হান্নান ও আলমগীর মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কার চালক ফাইনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
