ডিপজলের লিগ্যাল নোটিশ প্রসঙ্গে মুখ খুললেন অঞ্জনা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পিএম

কয়েক দিন পরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর মধ্যে চিত্রনায়িকা নিপুণের প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা। নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। এর মাঝেই ধারের টাকা পরিশোধ না করায় অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠালেন ডিপজল। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অঞ্জনা।

বিষয়টি গণমাধ্যমের কাছে স্বীকার করে অঞ্জনা বলেন, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া নেই। আমি বলব এটি শুধুই ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়। আসলে ডিপজল ভাই না, তার লোকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এটা কোনো ইস্যু না। ডিপজল ভাই তো আমাদেরই ভাই।

জানা গেছে, গত বছর ডিপজলের থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলেন অঞ্জনা। ছয় মাসের মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও দিচ্ছিলেন না। ডিপজল টাকা ফেরত চাইলে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অভিনেতাকে ব্যাংকের একটি চেক দেন অঞ্জনা। তবে ২৫ ফেব্রুয়ারি অঞ্জনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিসঅনার হয়। এ কারণেই গত ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান ডিপজল।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে ডিপজল বলেছিলেন, ‘আমার বিপক্ষে যে কেউ নির্বাচন করতে পারে। এটা আমি গায়ে মাখি না। কিন্তু অঞ্জনা আমাকে নিয়ে প্রশ্ন তোলে কীভাবে? আমার বিরুদ্ধে কথা বলে কীভাবে? তাদের জন্য তো কম করিনি। আর যখন প্রশ্ন তুলেছেনই তাহলে নিজের আরও ক্লিয়ার হওয়া দরকার।’

এদিকে জানা গেছে, লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে বলা হয়েছে অঞ্জনাকে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত