বঙ্গোপসাগর আটকে পড়া ২৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় নৌসীমায় ভেসে গিয়েছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
প্রতিবেদনে জানা গেছে, গত ৪ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ভারতীয় কোস্ট গার্ডের টহল জাহাজ অমোঘ বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘সাগর-২’ কে ভাসতে দেখে। পরে নৌকাটি উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
নৌকায় প্রাথমিক তদন্তে জানা যায়, স্টিয়ারিং গিয়ার ভেঙে গিয়ে নৌকাটি বিকল হয়ে যায়। এরপর স্রোত-বাতাসে ভাসতে ভাসতে ভারতীয় নৌসীমায় প্রবেশ করে। নৌকাটির হাল ক্ষতিগ্রস্ত ছিল যা তীরে না নিয়ে ঠিক করার উপায় ছিল না। একপর্যায়ে, ২৭ জন ক্রু’সহ নৌকাটি উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে বিষয়টি জানায় কলকাতায় ভারতীয় কোস্টগার্ড আঞ্চলিক সদর দফতর।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই ২৭ ক্রু’সহ নৌকাটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’ এর কাছে হস্তান্তর করা হয়।
