চকরিয়ায় দুই যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, একজনের মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় চোরাই মালামাল বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে ফজলে হাসান রিয়াদ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একটি গ্রুপ। এ সময় আরও এক যুবকের হাত শরীর থেকে বিচ্ছিন্ন ও অপর এক যুবককে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে চকরিয়ার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলে হাসান রিয়াদ বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার ফরিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের মগনামাপাড়ার আবদুল জলিলের ছেলে মো. ছোটন (৩০) ও মাতারবাড়ি পাড়ার বারেক আহমদের ছেলে জিদান আল নাহিয়ান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জিদানের মোটরসাইকেলযোগে রিয়াদ ও ছোটন বদরখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে টুটিয়াখালী মসজিদের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তারা রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে রিয়াদের হাতে কোপ ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন এবং ছোটনের মাথায় কোপ ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং জিদান পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।

চকরিয়া থানা পুলিশ জানায়, সম্প্রতি বদরখালী ইউনিয়নে একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। চোরচক্রের সদস্যরা বাসা-বাড়ি, হাট-বাজার থেকে মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেই অপরাধ কর্মকাণ্ডের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে এই হামলার ঘটনা ঘটেয়ে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অপরাধ কর্মকাণ্ডের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হামলায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত