বায়ার্নের হারে শিরোপা থেকে এক জয় দূরে লেভারকুসেন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১০:৫৪ পিএম

বুন্দেসলিগাতে বায়ার্ন মিউনিখের রাজত্বে হানা দিয়ে নিজেদের প্রথম লিগ শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে লেভারকুসেন। আর এমনটি হয়েছে আজ নিজ নিজ ম্যাচে বায়ার্নের হার ও লেভারকুসেনের জয়ের পর পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থানের কারণে।

আজ লিগে মৌসুমে ষষ্ঠ হারের স্বাদ পেয়েছে হ্যারি কেইনের দল। নিজেদের মাঠে হেইডেনহেইম ৩-২ গোলে হারিয়েছে বায়ার্নকে।

একই সময়ে হওয়া অপর ম্যাচে লেভারকুসেন ১-০ গোলে হারিয়েছে ইউনিয়ন বার্লিনকে।

২৮ ম্যাচ শেষে ৭৬ পয়েন্টে শীর্ষে লেভারকুসেন। সমান ম্যাচে ৬০ পয়েন্টে দুইয়েই রইলো বাভারিয়ানরা।

লেভারকুসেন ১৬ পয়েন্টে এগিয়ে আছে। বুন্দেসলিগা ৩৪ রাউন্ডের অর্থাৎ আর ৬টি ম্যাচ বাকি আছে শীর্ষে থাকা দুই দলের। লেভারকুসেন যেহেতু ১৬ পয়েন্টে এগিয়ে, বাকি থাকা ছয় ম্যাচের একটি জিতলেই চ্যাম্পিয়ন হবে তারা।

হেইডেনহেইমের মাঠে গোলের শুরুটা করেছিলেন বায়ার্নের হ্যারি কেইন। ৩৮ মিনিটে গোল করেন তিনি। ৪৫ মিনিটে নাব্রি ব্যবধান বাড়ান। তাতে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন। কিন্তু দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

৫০ মিনিটে কেভিন সাসা এবং ৫১ মিনিটে টিমের গোলে সমতায় ফেরে হেইডেনহেইম। টিম ৭৯ মিনিটে গোল করলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় পায় হেইডেনহেইম।

লেভাসকুসেনের ম্যাচে একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন ফ্লোরিয়ান। তাতে লিগে টানা ২৮ ম্যাচ অপরাজিত রইল লেভারকুসেন। এই জয়ে লিগ শিরোপার খুব কাছে চলে গেছে জাবি আলোনসোর দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত