যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সবচেয়ে বড় হিথ্রো বিমানবন্দরে দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উড়োজাহাজ দুটির পাখা ক্ষতিগ্রস্ত হয় এবং অল্পের জন্য বেঁচে যান অন্তত ১২১ যাত্রী।
রোববার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে এ ঘটনায় এই ঘটনায় কেউ আহত হয়নি এবং বিমান চলাচলেও কোনও ধরনের বিলম্ব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, শনিবার স্থানীয় সময় সকালের দিকের বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে রানওয়েতে ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৮৭-৯ সিরিজের উড়োজাহাজ ও ভার্জিন আটলান্টিক এয়ারলাইনসের উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
সে সময় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ১২১ জন যাত্রী থাকলেও ভার্জিন এয়ারলাইনসে কোনো যাত্রী ছিল না।
ভার্জিন আটলান্টিক বলেছে, তৃতীয় টার্মিনালে তার যাত্রীশূন্য বোয়িং ৭৮৭-৯ স্ট্যান্ড থেকে টেনে নেওয়ার সময় সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। এয়ারলাইনটি আরও বলেছে, তাদের বিমানটি সবেমাত্র অবতরণ করেছিল এবং পরে বিমানবন্দরের ভিন্ন একটি অংশে সেটিকে নিয়ে যাওয়া হচ্ছিল। একপর্যায়ে বিমানের একটি ডানার সঙ্গে অন্য উড়োজাহাজের মৃদু সংঘর্ষ হয়।
বিবিসি বলছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটিতে ১২১ জন যাত্রী ছিল এবং স্থানীয় সময় ১২টা ৪০ মিনিটে বিমানটির ঘানার আক্রার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। সংঘর্ষের পর তারা যাত্রীদের জন্য বিকল্প বিমান সরবরাহ করেছে এবং পরে ওই যাত্রীদের সন্ধ্যা ৬টায় উড্ডয়নের জন্য পুনরায় সময় নির্ধারণ করা হয়।
ভার্জিন আটলান্টিকের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং দল উড়োজাহাজের মেইনটেন্যান্স পরীক্ষা করে দেখছে।
এছাড়া এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, আমাদের উড়োজাহাজের ইঞ্জিনিয়ারিং টিম পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
