ফেনীর মুহুরীগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বালুবোঝাই ট্রাক ছিটকে পড়ে ছয়জন নিহতের ঘটনায় দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা। তিনি জানান, এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এতে ক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যান মো. সাইফুল ও মো. রাশেদ খানকে আসামি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী মো. আবদুল হানিফ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান নির্জর, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজানুর রহমান, রেলওয়ের বিভাগীয় মেডিকেল অফিসার আনোয়ার হোসেন এবং বিভাগীয় টেলিযোগাযোগ ও সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন তন্ময়।
এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। দুর্ঘটনার সময় সিগন্যাল বারটি ফেলা হয়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন ক্রসিংয়ে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এ ঘটনায় ছয়জন নিহত হয়। এর মধ্যে ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা তিনযাত্রী যুবক, ট্রাকচালক, সহকারী ও চালকের ছেলে মারা যান।
