চোটগ্রস্থ সোফি মলিনিউর বিগত বছরগুলো ছিল দুঃসহ। গুরুতর এসিএল চোট তাকে লম্বা সময়ের জন্য বাইরে ছিটকে দেয়। দুই বছর আগে বোর্ডের চুক্তিও হারান তিনি। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর দিয়ে দলে ফেরেন ফের। ফিরেই নৈপুণ্যের ঝলক দেখিয়ে আবারও ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ হলেন ২৬ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়েই ম্যাচসেরা হন। টি-টোয়েন্টি সিরিজে হন সিরিজসেরা। এর আগে করেন ভারতের উইমেনস প্রিমিয়ার লিগে ১২ উইকেট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে বড় অবদান রাখেন । বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট ছিল তার। ফাইনালে তিন উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি। তারই পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন তিন সংস্করণে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চুক্তি অনুযায়ী ১৫ থেকে ১৮ জন ক্রিকেটারকে রাখা হয় চু্ক্তিতে। এবারের চুক্তিতে জায়গা পেয়েছেন ১৭ জন। গতবারের চুক্তি থেকে এবার নেই শুধু মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার ইতিহাসের সফলতম অধিনায়ক এই কিংবদন্তি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
