মুন্সীগঞ্জে প্রতিপক্ষের অস্ত্রের কোপে বাবার মৃত্যু, আহত ছেলে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৬:১৯ পিএম

পূর্ব বিরোধের জেরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বাবা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সোহরাব খান (৫৫)। তার ছেলে জনিকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দিঘীরপাড় গ্রামের সোহরাব খানের সঙ্গে একই গ্রামের ভুলু খান ওরফে ভোলা মেম্বারের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার বেলা ১২টার দিকে দিঘীরপাড় বাজারে ভুলু খান ও তার ২ ছেলে সোরহরাব খান ও তার ছেলে জনির ওপর অতর্কিতে হামলা চালান। পরে রক্তাক্ত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা সোহরাব খানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ছেলে জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নূরে আলম সিদ্দিকী জানান, নিহতের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত জনির মাথা, বুকে ও পেটে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে।

পুলিশ মো. আসলাম খান ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকার কথা জানিয়েছেন। তিনি আরো জানান, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়েছে প্রতিপক্ষরা। আহত অবস্থায়্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছেলেকে ঢামেকে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত