এক টাকায় মিলল চাল ডাল মুরগিসহ ১৭ পণ্য

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৪১ এএম

গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় মাঠেই গতকাল সোমবার বিকেলে বসেছিল এক টাকার বাজার।

এ বাজারে মাত্র এক টাকা দিয়েই মিলেছে চাল, ডাল, মুরগিসহ ১৭ প্রকার পণ্য। অন্য ১৩টি পণ্য হচ্ছে সয়াবিন তেল, চিনি, সেমাই, গুড়া দুধ, লবণ, আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, রসুন, বেগুন, ঢেঁড়স, মরিচ, লেবু ও সাবান। গাইবান্ধার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’ এ ব্যতিক্রমী বাজারের আয়োজন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ২০১৪ সালে সংগঠনটি গড়ে তোলে। উদ্যোক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫০ জন নিম্ন আয়ের মানুষের  মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে এ বাজারের আয়োজন।

এক টাকায় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আসিফ ও সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন মামুন, আমাদের গাইবান্ধা সংগঠনের সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাভভির রহমানসহ সদস্যরা।

‘আমাদের গাইবান্ধা’-এর সাধারণ সম্পাদক মুসাভভির রহমান বলেন, টানা চর্তুথবারের মতো নিম্ন আয়ের মানুষের মধ্যে ‘এক টাকার বাজার’ শিরোনামে প্রতীকী মূল্যে পণ্য বিতরণ কর্মসূচি পালন করা হলো। দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ ধারা অব্যাহত থাকবে।

এদিকে মাত্র এক টাকায় ১৭ প্রকার পণ্য পাওয়ায় খুশি বাজারে আসা নিম্ন আয়ের নারী-পুরুষ। গাইবান্ধা সদর উপজেলার ধানঘড়া গ্রামের আজিরণ বেগম (৬৫) বলেন, ‘অ্যাক ট্যাকা দিয়ে ম্যালা কিচু পানো বাবা। নাতিটে গোসতো খাবার চাচিলো, আচকে খিলব্যার পামো। খুব উপক্যার হলো।’

গাইবান্ধা পৌরসভার আসছাদ আলী (৭৫) বলেন, ‘যামরা অ্যাক ট্যাকাত এত কিচু দিল, আল্লায় তামাক ভালো করবে। ঈদের আগে এক টাকা দিয়ে অনেক বাজার পাইছি। জীবনের প্রথম এক টাকা দিয়ে একসঙ্গে এত কিছু পাইলাম।’ একই এলাকার জোব্বার মিয়া (৬০) বলেন, ‘এই বাজারোত আসি ম্যালা জিনিস পানো। হামরা খুসি হচি।’

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এক টাকার বাজারের এ উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা এ ধরনের বাজার আয়োজনের পাশাপাশি নানা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত