স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৭:০২ পিএম

লালমনিরহাটের আদিতমারীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দেওয়া থাপ্পড়ে লাভলী বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জোবায়দুলকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার তালুক খুটামারা মোক্তারটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সাপ্টিবাড়ি ইউনিয়নের তালেব মুন্সির মেয়ে। আটক স্বামী জোবায়দুল ইসলাম একই এলাকার সেকেন্দার আলীর ছেলে। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের নিহতের স্বামীকে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহতের প্রতিবেশী ও পুলিশ জানায়, বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে জোবায়দুল স্ত্রীকে চড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং স্বামীকে আটক করে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার ও স্বামী জোবায়দুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত