ঈদের আগে চানরাতে নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আটজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঈদ করতে ঢাকা থেকে একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস বিবাড়িয়া যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানিয়েছে, দুর্ঘটনায় চারজন মারা গেছে। আহত হয়েছে ১০ জন । নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
