মৃত্যু আমাকে ভয় পায়: মমতা বন্দোপাধ্যায়

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০২:২৮ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে দেব না। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে কলকাতার রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ করে তিনি এমন মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতেই ঐক্য বজায় রাখার আহ্বান জানান মমতা। তিনি বলেন, আপনারা এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। প্রথমে বিজেপির নাম না করেই তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) আনছে। আমরা ঘৃণাভাষণ চাই না, এনআরসি চাই না, সিএএ চাই না। আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয়।

তারপর কেন্দ্রের শাসকদলকে কটাক্ষ করে বলেন, চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। সবাইকে ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। এজেন্সিকে ভয় পাই না। বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে বলেও আক্রমণ শানান তিনি। তিনি বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।

বক্তব্যের শেষ দিকে অবশ্য সরাসরি বিজেপির নাম করেই তাদের নিশানা করেন মমতা। তিনি বলেন, বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। দিল্লিতে ইন্ডিয়া জোট কী হবে, বুঝে নেব। বাংলায় একটা ভোটও অন্য কাউকে দেবেন না।

লোকসভায় এনডিএ-র ৪০০ আসন পাওয়ার দাবি নিয়েও ফের কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, আগে তো ২০০ আসন পেরোক। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভোটের আগে তৃণমূলের ছেলেদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু বিজেপির লোকেরা দোষ করলেও আদালতে জামিন পেয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত