ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০১:১২ পিএম

আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। সড়কের পাশাপাশি ভোর থেকেই রেলপথে যাত্রীর দেখা মেলে কমলাপুর স্টেশনে। মূলত ঈদে যাত্রাপথের ভোগান্তি এড়াতেই ঈদের পরদিন গ্রামের বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা। আবার টানা ছুটির কারণে যাত্রার জন্য অনেকেই বেছে নিয়েছেন ঈদের পরদিনকে। ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটের ট্রেনগলো কমলাপুর থেকে যাত্রা করে যথাসময়েই।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও কমলাপুর স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল দেখার মতো।

খুলনার যাত্রী রাশেদ খান ঈদের পরদিন বাড়িতে যাওয়ার কারণ হিসেবে বলেন, ঈদে যাত্রাপথে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। আগের অভিজ্ঞতায় এবার ঈদের আগে বাড়ি যাওয়ার চিন্তা করেনি। এখন ভোগান্তি ছাড়াই ঈদের দ্বিতীয় দিন গ্রামের বাড়ি যাচ্ছি।

নওগাঁ যাচ্ছেন কাপড় ব্যবসায়ী সোলাইমান মিয়াজী। তিনি বলেন, অনেকেই চাঁদ রাতে কেনাকাটা করতে আসেন। শেষ সময়ে ব্যবসাও খুব ভালো হয়। তাই প্রতিবারের মতো এবারও ঈদের আগে বাড়ি যাওয়া হয়নি। তাছাড়া ঈদের দ্বিতীয় দিনে ভোগান্তি ছাড়াই আরামে যাওয়া যায়।

কিশোরগঞ্জগামী যাত্রী ফেরদৌস বলেন, ঈদের দিন ডিউটি করতে হয়েছে, বেতনও পেয়েছি গতকাল। আজ ছুটি পেয়ে বাড়িতে যাচ্ছি।

এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটের ট্রেনগুলো কমলাপুর থেকে যাত্রা করে যথাসময়েই। মূলত ঈদে যাত্রাপথের ভোগান্তি এড়াতেই ঈদের পরদিন গ্রামের বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা। আবার টানা ছুটির কারণে যাত্রার জন্য অনেকেই বেছে নিয়েছেন ঈদের পরদিনকে। ঢাকায় ছাড়ার পথে যাত্রীদের চাপ থাকলেও ঢাকামুখী মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত