মোহামেডান-মেরিনার্স ম্যাচেই লিগ নিষ্পত্তি!

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০১:২৯ পিএম

নববর্ষের প্রথম দিন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শীর্ষে থাকা মোহামেডানের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মেরিনার ইয়ংস ক্লাব। আর পরের ম্যাচে শিরোপা লড়াইয়ে থাকা আবাহনী ও ঊষা মুখোমুখি হবে।

ঈদের জন্য বিরতি শুরুর দুদিন আগে আবাহনীকে ২-১ গোলে হারিয়ে লিগ শিরোপা লড়াই উন্মুক্ত করে দেয় মেরিনার্স। আজ মেরিনার্স জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৩১ পয়েন্ট। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ পুলিশ ও অ্যাজাক্স। অন্যদিকে এই মুহূর্তে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডানকে শেষ দুই ম্যাচে খেলতে হবে আবাহনী ও ঊষার সঙ্গে।

মোহামেডানের হয়ে খেলতে এসেছেন দক্ষিণ কোরিয়ার পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট জ্যাং হিউন

তবে মোহামেডান যদি আজ মেরিনার্সকে হারায়, তবে শেষ দুই ম্যাচের একটি জিতলেই শিরোপা জিতবে সাদা-কালোরা। তখন অন্য তিন দলের সম্ভাবনা ম্লান হয়ে যাবে।

আজ ঊষার বিপক্ষে ম্যাচের পর আবাহনীর ম্যাচ বাকি থাকবে অ্যাজাক্স ও মোহামেডানের বিপক্ষে। ১৯ এপ্রিল মোহামেডান ও আবাহনীর ম্যাচ দিয়ে শেষ হবে লিগ। মোহামেডান যদি আজ হারে তাহলে সম্ভাবনা তৈরি হতে পারে আবাহনীর সামনে। শেষ ম্যাচটি শিরোপা নির্ধারণী লড়াইয়ে পরিণত হলে দর্শকদের জন্য বাড়তি খোরাক হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত