শান্ত-নাঈমের সেঞ্চুরিতে আবাহনীর ৩৪১, মাশরাফীর শিকার ২

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০১:০৭ পিএম

ঈদ আর বাংলা নতুন বছরের ছুটি শেষে মাঠে ফিরেছে ক্রিকেট। জাতীয় দলের ব্যস্ততার পর প্রথমবার ব্যাট হাতে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। আর মাঠে নেমেই পেলেন সেঞ্চুরির দেখা। আবাহনীর অধিনায়কের সঙ্গে তিন অংকের রান ছুঁয়েছেন নাঈম শেখও। তাদের ব্যাটে ভর করে প্রাইম ব্যাংককে ৩৪২ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজই প্রথম ব্যাট হাতে নামেন শান্ত। নবম রাউন্ডের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমেছিলেন ঠিকই, তবে ব্যাট করেননি তিনি। আর নেমেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠান প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল। সিদ্ধান্তটা যে ভুল ছিল সেটা প্রমাণ হয়ে যায় এনামুল হক বিজয় ও নাঈম শেখের ১১০ রানের উদ্বোধনীতে জুটিতে।

বিজয়কে আজ অনেকদিন পর পুরনো চেহারায় দেখা গিয়েছিল। স্ট্রাইক রেট নিয়ে যার বিরুদ্ধে একসময় অভিযোগ উঠত, সেই ভুলে যেতে বসা রূপ নিয়ে আবারও হাজির হন তিনি। ৭৩ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৫ রান করে আউট হন তিনি। ২১তম ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে ফিরে যান তিনি।

বিজয় মন্থর গতিতে ব্যাট চালালেও নাঈম শেখ অন্যপ্রান্তে ঠিকই আগ্রাসী ছিলেন। পৌঁছে যান সেঞ্চুরিতেও। লিস্ট এ ক্রিকেটের ১০১ তম ম্যাচ খেলতে নাঈম আউট হন ১০৫ রান করে। যা তার ক্যারিয়ারের ৮ম শতক। ১০৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ২টি ছক্কায়। পেসার রেজাউর রহমান রাজার বলে টোকা দিতে গিয়ে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

নাঈম ফিরে গেলেও আগ্রাসন চলতে থাকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ৮৫ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১১৮ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন শান্ত। ১৫৫তম লিস্ট এ ক্রিকেট খেলতে নামা শান্তর যা ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। তারপর আফিফ হোসেন ধ্রুব এসে কিছু করতে পারেননি। ফিরে যান রানের খাতা খোলার আগেই। তাওহিদ হৃদয় তুলে নেন ক্যারিয়ারের ২৪তম ফিফটি। ৩৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬৫ রান করে অপরাজিত থাকেন। তাতে আবাহনী ৪ উইকেট হারিয়ে পায় ৩৪১ রানের সংগ্রহ।

প্রাইম ব্যাংকের হয়ে হাসান মাহমুদ ৭৬ রান খরচায় পেয়েছেন দুটি উইকেট। একটি উইকেট নিয়েছেন রাজা।

এদিকে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। আহরার আমিন সর্বোচ্চ ৩৫ রান করেন। শেখ জামালের হয়ে শফিকুল ৪টি ও তাইবুর রহমান তিনটি উইকেট শিকার করেন।

বিকেএসপিতে দিনের অপর ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাত্র ১৫০ রানে গুটিয়ে গেছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। সর্বোচ্চ ৩০ রান করেন ইফতেখার হোসেন ইফতি। শুভাগত হোম শিকার করেন ৪ উইকেট। মাশরাফী বিন মোর্ত্তজা ১৮ রান খরচায় নেন ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত