অ্যাজাক্সের জালে ৫ গোল দিয়ে শীর্ষে আবাহনী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পিএম

দারুণ জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। আজ অ্যাজাক্স স্পোর্টিংকে ৫-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে আবাহনী। তারা পেছনে ফেলেছে চির শত্রু মোহামেডানকে। ১৪ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা মোহামেডানের ৩২।

আগামীকালই অবশ্য সাদা-কালোদের শীর্ষে পৌঁছানোর সুযোগ আছে। সেক্ষেত্রে তাদের হারাতে হবে শক্তিশালী ঊষা ক্রীড়া চক্রকে। শিরোপা দৌড়ে তিনে থাকা মেরিনার্সও আছে ভালোভাবেই। তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। শেষ দুই ম্যাচে মেরিনার্সদের প্রতিপক্ষ দুর্বল অ্যাজাক্স স্পোর্টিং ও বাংলাদেশ পুলিশ।

আবাহনী শীর্ষে উঠলেও তাদের শেষ ম্যাচে খেলতে হবে মোহামেডানের বিপক্ষে। ১৯ এপ্রিল লিগের শেষ দিনে সেই ম্যাচেই চূড়ান্ত হবে শিরোপা যাবে কার কাছে। তার আগ পর্যন্ত আকাশী-হলুদরা পাচ্ছে তিনদিনের বিরতি। তার আগে সোমবার তারা সহজেই অ্যাজাক্সকে হারায়। প্রথম তিন কোয়ার্টারেই তারা গোল করেছে। শুরুটা চতুর্থ মিনিটে ভারতীয় তারকা দেবিন্দর বাল্মিকির ফিল্ড গোলের মধ্য দিয়ে।

দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে পিসি থেকে সফল লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে বাল্মিকি ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ম্যাচের ৪২ মিনিটে আরেকটি পিসির সুযোগ কাজে লাগিয়ে আবাহনীকে আরও এগিয়ে নেন আশরাফুল। এই দুই মিনিট পর ভারতীয় ভেঙ্কটেস কানচে দলের হয়ে পঞ্চম গোলটির করেন।

কাল মোহামেডান যদি ঊষার কাছে পয়েন্ট খোয়ায় তবে আবাহনী ও মেরিনার্সের সুযোগ বেড়ে যাবে বহুগুণে। আর সাদা-কালোরা যদি জেতে, তবে আবাহনী - মোহামেডান মধ্যে লিগের শেষ ম্যাচটা হয়ে উঠবে অলিখিত ফাইনাল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত