রাজধানীর হাজারীবাগের বস্তিতে অগ্নিকাণ্ড

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ এএম

রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার একটি টিনসেড বস্তিতে অগ্নিকা- হয়েছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাজারীবাগ, লালবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি করে এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ সাতটি ইউনিট আগুন নেভায় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, দুপুর ১২টার দিকে খবর আসে হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার টিনসেড একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

হাজারীবাগ থানার এসআই নিকলেশ চন্দ্রকর পলাশ বলেন, আগুনে বস্তির ১৫ থেকে ১৬টি ঘর পুড়ে গেছে। আরএস নামের একটি পেট্রোল পাম্পের লাগোয়া ময়লার ডিপোর বিপরীতে একটি ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মসজিদসংলগ্ন টিনসেড মাদ্রাসা, মসজিদের সঙ্গে আটটি চায়ের টং দোকান, দুটি ভাঙাড়ি দোকান, একটি রিকশার গ্যারেজসহ ১৫ থেকে ১৬টি স্থাপনা পুড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ১৫ থেকে ২০ লাখ টাকা বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত